শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শিশুদের শুধু পড়ালেখায় সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রেও তাদের পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে একটি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছে। দেশের ৫০৩টি উপজেলা থেকে অনলাইনে যুক্ত হয়েছে প্রতিযোগীরা। শিশুদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব।
এবারের প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সীরা ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। আগামী জুনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খুলনা সার্কিট হাউস মাঠে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।