• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সুলভ ও বিনামূল্যের খাদ্যশস্য প্রকৃত উপকারভোগীর কাছে বিতরণ করতে হবে

সুলভ ও বিনামূল্যের খাদ্যশস্য প্রকৃত উপকারভোগীর কাছে বিতরণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে।এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষ্যে এক কোটি নিন্মবিত্ত পরিবারকে  বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। 

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা রমজান মাসে নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয় সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যে সব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকগণ উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা  কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান  দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন। 

তিনি বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন। সরকারের সুলভ  এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর নিকট সঠিক পরিমাণে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। 

খাদ্য সচিব বলেন, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক পরিমাণ চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮পিএম, ঢাকা-বাংলাদেশ।