• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

রাশিয়ায় ইউক্রেনের বিমান হামলা : ২১ নাগরিক নিহত

রাশিয়ায় ইউক্রেনের বিমান হামলা : ২১ নাগরিক নিহত

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ইউক্রেনের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। দেশটির আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক এ হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, শনিবারের অভিযানে শুধু সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইউক্রেনের একটি সূত্র নিশ্চিত করেছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর এই হামলা চালানো হলো।

গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত বেলগোরোদে শনিবার একটি আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে সব বাসিন্দাকে বিমান হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন।

আলজাজিরা বলছে, বেলগোরোদ অঞ্চলটি ইউক্রেনের লুহানস্ক, সুমি এবং খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী। ইউক্রেনের এসব অঞ্চলের কয়েকটিতে গত শুক্রবার রাশিয়া ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

মূলত বেলগোরোদ রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং ইউক্রেনের দিকে আক্রমণ চালানোর ক্ষেত্রে রুশ বাহিনীর জন্য এই শহরটি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে কাজ করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইউক্রেনের এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।